• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

টয়ট্রেনে চড়ে পর্যটন প্রচারে মন্ত্রী

মমতা-জমানায় পাহাড়ের উন্নয়ন নিয়ে তোপ দিলীপের

উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে কার্শিয়াঙে আয়োজিত দ্বিতীয় ডিএইচআর ফিল্প ফেস্টিভালের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার কার্শিয়াং স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য পাহাড়, হিমালয় এবং উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা।

মন্ত্রী জানান, পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলে স্থানীয় হোম-স্টে, হোটেল, পরিবহন এবং অন্যান্য ব্যবসারও প্রসার ঘটবে। একই সঙ্গে পাহাড়ের যুব সমাজের জন্য নতুন কর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে।

তবে পর্যটন প্রসঙ্গের পাশাপাশি পাহাড়ের প্রশাসনিক কাঠামো নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, পাহাড়ের বহু মানুষ এখনও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তারঁর দাবি, পর্যাপ্ত পরিকাঠামো এবং পঞ্চায়েত ব্যবস্থার অভাব রয়েছে। পাশাপাশি জিটিএ প্রত্যাশা মতো কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঠিত ১৬টি উন্নয়ন বোর্ড নিয়েও কড়া সমালোচনা করেন মন্ত্রী। তাঁর অভিযোগ, ওই বোর্ডগুলির মাধ্যমে প্রকৃত উন্নয়নের বদলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং সরকারি অর্থের অপচয় হয়েছে। বাস্তবে সে সব বোর্ড উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠান শেষে অবশ্য সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা যায় মন্ত্রীকে। স্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী টয়ট্রেনে চড়ে কার্শিয়াং থেকে টুং পর্যন্ত সফর করেন তিনি। পাহাড়ের মনোরম পরিবেশের মধ্যে এই যাত্রা উপভোগ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দী ও পর্যটকদের মধ্যেও সেই ছবি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

সূত্রের খবর, এরপর রবিবার দার্জিলিঙে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মন্ত্রী। পাহাড়ের উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজের পর্যালোচনাই হবে তাঁর সফরের মূল উদ্দেশ্য।