এবার ঘৃণার ভাষণ দেওয়ার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সম্প্রদায়ের নাম করে ওই ভাষণ এবং হুমকি দিয়েছিলেন। এবার সেটা উল্লেখ করেই ওই এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই বিষয়ে পুলিশ অফিসাররা কিছু বলতে চাননি।
এদিকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ল চাপ। কারণ এবার আরও এক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূলনেত্রীর নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। বিধানসভা নির্বাচনের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন বলতে শোনা গিয়েছিল, ‘আমরা আছি বলে আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেখবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে ভুল বুঝবেন না।’
অন্যদিকে এই মন্তব্যের পর রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। বহু মানুষজন এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি। বরং ভাবাবেগে আঘাত পেয়েছিলেন বলে অভিযোগ। উল্লেখ্য, গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নাম জড়িয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই ঘটনাতেই তাঁর নামে দায়ের হয়েছিল এফআইআর। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবসায়ী করলেন এফআইআর।
তাছাড়া উস্কানিমূলক মন্তব্য করা নিয়ে চাপানউতোর আগেই উঠেছিল। এবার সেটা হেয়ার স্ট্রিট থানা পর্যন্ত গড়িয়ে গেল। এখন দেখার তার প্রেক্ষিতে জল কতদূর গড়ায়। ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা আছি বলে আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।’ এই মন্তব্য একদিকে উস্কানিমূলক অপরদিকে হিন্দুদের ভাবাবেগে আঘাতের সামিল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এবার সেটাই বড় আকার নিয়ে নিল।




