পুলিশে সোমবার বিরাট রদবদল ঘটল। একসঙ্গে ১৭৯ জন আইপিএস অফিসারকে বদলি করা হলো। আর তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। এবার সরিয়ে দেওয়া হলো ডায়মন্ডহারবার-সহ ১২ পুলিশ সুপারকে। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে একাধিক পুলিশে রদবদল হয়েছিল। এবার নতুন সরকার গঠনের পর সোমবার আবার পুলিশের বিরাট রদবদল ঘটল। রাজ্যের ১৭৯ জন আইপিএস অফিসার ছাড়াও একাধিক পুলিশ সুপারেরও বদলির নির্দেশ এসেছে। ১২ পুলিশ জেলার পুলিশ সুপার বদল হচ্ছে।
এদিকে বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির (অ্যাডমিন) দায়িত্ব। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-এর পদন্নোতি হয়ে উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্ব পাচ্ছেন। পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিরও দায়িত্ব বেড়ে এবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি(আর্মড পুলিশ) পদে বহাল হচ্ছেন। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। বাঁকুড়ার পুলিশ সুপার সৌমাদিত্য ভট্টাচার্যকে দেওয়া হচ্ছে মালদহ এসটিএফের দায়িত্ব। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তলকে সরানো হয়েছে। হুগলি গ্রামীণের সুপার কুমার সানি রাজকে পুরুলিয়ার দায়িত্বে আনা হচ্ছে।
অন্যদিকে পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, বারাসাত, ডায়মন্ডহারবার, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বীরভূম, বাঁকুড়া, হাওড়া গ্রামীণ, পুরুলিয়া, হুগলি গ্রামীন পুলিশ জেলার সব পুলিশ সুপারদের বদল করল রাজ্য সরকার। এমনকী বদল করা হয়েছে কলকাতা পুলিশেও। বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হয়েছে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাসকে তাঁর বর্তমান পদ থেকে সরানো হয়েছে। নতুন সরকারের এই ব্যাপক রদবদলকে পুলিশ প্রশাসনে অন্যতম বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
তাছাড়া বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্রা কুমারকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখার দায়িত্ব। ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার ঈশানী পালকে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম শাখার ডিসির দায়িত্ব। বেঙ্গল এসটিএফের ডিআইজি সুধীরকুমার নীলাকান্তামকে দেওয়া হচ্ছে সিআইএফের ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব। কলকাতা পুলিশের আর্মড পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর ভট্টাচার্যকে পাঠানো হয়েছে ট্রাফিকের ডিআইজি পদে। নবান্নের জারি করা নোটিস অনুযায়ী, এই রাজ্য পুলিশে এই রদবদলের পাশাপাশি একাধিক শীর্ষ আধিকারিকের পদোন্নতিও হয়েছে। কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবি এবং নানা জেলার রেঞ্জ ডিআইজি ও আইজিপি পদেও বদল করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজিপি রাজেশ কুমার যাদবকে বদলি করা হয়েছে। এখন আইজিপি এসটিএফ পদে তাঁকে রাখা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে মালদহ রেঞ্জের আইজিপি দীপনারায়ণ গোস্বামীকে। আইজিপি ট্রাফিক পদে ছিলেন গৌরব শর্মা। তাঁকে আইজিপি এসটিএফের পদে রাখা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ফোর) ভি. সলোমন নেশাকুমারকে আইজিপি (পার্সোনেল) পদে বদলি করা হয়েছে৷ মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের আইজিপি (আইবি) পদে রাখা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ-ওয়েস্ট ডিভিশন (বেহালা) থেকে রাহুল দে’কে সরিয়ে সাউথ ডিভিশনের ডিসি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি ডিডি (স্পেশাল) পদে ছিলেন বিদিত রাজ বুন্দেশ। তিনি এখন বীরভূমের পুলিশ সুপার পদে আসছেন।




