• facebook
  • twitter
  • youtube
Sunday, 7 June, 2026

নারীপাচার রুখতে টাস্ক ফোর্স গঠন, বড় ঘোষণা করলেন অগ্নিমিত্রা

তার উপর মিথ্যে প্রেমের গল্প ফেঁদে নারী পাচারের ঘটনাও ঘটে। তাই এই টাস্ক ফোর্স গঠন অত্যন্ত জরুরি বলে মনে করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রাজ্যে নারীপাচার বন্ধ করতে হবে। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। সে কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেটাকে বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এই অপরাধ ঠেকাতে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করলেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ, রবিবার শিলিগুড়ি থেকে এই কথা ঘোষণা করলেন মন্ত্রী। আর তাতেই আশ্বস্ত হলেন রাজ্যের মেয়েদের অভিভাবকরা।

এদিন মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবি সংগঠন এবং দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এই টাস্ক ফোর্স তৈরি করা হবে। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় গিয়ে নিজের দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর তারপরই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কম বয়সে রাজ্যে বিয়ের প্রবণতা বেড়ে গিয়েছে। তাই নাবালিকারা গর্ভবতী হয়ে পড়ছে। এমনকী কাজের লোভ দেখিয়ে মহিলাদের পাচার করা হচ্ছে। এটা আটকাতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে কাজ করতে হবে। মেয়েদের বাবা-মাকেও সচেতন হতে হবে।

এদিকে সীমান্ত সংলগ্ন একাধিক স্পর্শকাতর এলাকায় লাগাতার সচেতনতা করে যেতে হবে। তার জন্য জোরদার প্রচার চালানো দরকার। এই নিয়ে বৈঠকে আলোচনা করেন মন্ত্রী অগ্নিমিত্রা। মন্ত্রীর অভিযোগ, নারীপাচার সংক্রান্ত বিষয়ে আগের সরকার ভুল রিপোর্ট পাঠিয়েছিল। তাই সঠিক রিপোর্ট তৈরি করতে হবে। এমন কোনও ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে জানাতে হবে। আর অপরাধী ধরা পড়লে কড়া শাস্তি দিতে হবে।

অন্যদিকে কাজের টোপ দিয়ে নারী পাচার বেশি দেখা যায়। তার উপর মিথ্যে প্রেমের গল্প ফেঁদে নারী পাচারের ঘটনাও ঘটে। তাই এই টাস্ক ফোর্স গঠন অত্যন্ত জরুরি বলে মনে করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই নারী পাচার ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলা হবে বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। এই অপরাধ ঠেকাতে কোনওরকম ঢিলেমি দেওয়া চলবে না বলে দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেন তিনি। পাশাপাশি কড়া নজর রাখতে হবে সীমান্তবর্তী জেলাগুলিতে। পুলিশকে এই অপরাধ ঠেকাতে বড় ভূমিকা নিতে হবে বলেও জানিয়ে দেন মন্ত্রী। কোনও অভিযোগ জমা পড়লে দ্রুততার সঙ্গে সেটা তদন্ত করতে হবে বলেও জানিয়ে দেন মন্ত্রী। নারী পাচার সংক্রান্ত অভিযোগ পেলে হালকা করে দেখা যাবে না বলে বার্তা দেন অগ্নিমিত্রা পাল।