• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

সিউড়িতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা

শনিবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরেই চাপে তৃণমূল। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত একের পর এক তৃণমূল নেতার ঠাঁই হয়েছে গারদে। এবার ফের এক তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন। তবে দুর্নীতি ও তোলাবাজির কারণে নয়। একজন বিজেপি কর্মীকে মারধর ও তাঁর মাকে হেনস্থা করার অভিযোগে।

সূত্রের খবর, পুলিশ সিউড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধির স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায় এবং তার সহযোগী তাপস মালকে গ্রেপ্তার করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল দু’দিন আগে। অভিযোগ, ওই ওয়ার্ডে বিজেপি কর্মীরা ‘অন্নপূর্ণা যোজনা’-র ফর্ম বিলি করছিলেন। সেই সময়ে বাপি রায়ের নেতৃত্বে তাঁদের উপরে আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই শুক্রবার রাতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক তাঁদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

রাজ্যে এভাবে একের পরে এক তৃণমূল নেতার ধরপাকড়ে কার্যত দুর্বিষহ অবস্থা তৃণমূলের। এমন অবস্থায় তৃণমূলের অন্দরে যে ফাটল ধরতে শুরু করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।