• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

‘ভারতের উপরে হুমকি বুমেরাং হয়ে ফিরে আসবে’, দাবি রুশ প্রেসিডেন্টের

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়েও জোর দেন পুতিন।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রুশ প্রেসিডেন্ট বন্ধু মোদীর ভূয়সী প্রশংসা করলেন। ভারতের কৌশলগত স্বাধীনতার ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সবসময় নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে এসেছে। তাই ভারতের উপরে নিষেধাজ্ঞার চাপ সৃষ্টি করার যে কোনও চেষ্টা শেষ পর্যন্ত উল্টো ফলই দেবে।’

শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম থেকে পুতিন বলেন, ‘ভারত একটি সার্বভৌম দেশ এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে।’ রুশ প্রেসিডেন্টের কথায়, ‘ভারত সবসময় একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে কাজ করে এসেছে। প্রধানমন্ত্রী মোদীর উপরে যেকোনও নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে ফিরে আসবে সেই দেশের জন্য।’

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়েও জোর দেন পুতিন। তিনি বলেন, ‘ভারত যে অস্ত্র বা প্রযুক্তিকে সবচেয়ে আধুনিক ও উপযোগী বলে মনে করবে, তারা সেটাই বেছে নেবে। বাইরের কোনও দেশের চাপ ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে পুতিন বলেন, ‘ভারত যদি রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান সু-৫৭ বা এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়, তাহলেও নয়াদিল্লি নিজের জাতীয় স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।’

তিনি জানান, রাশিয়া ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা কোনও রাজনৈতিক পরিস্থিতির উপরে নির্ভর করে না। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক রয়েছে। আমেরিকাকে কটাক্ষ করে পুতিন বলেন, ‘কেউ আমাদের নির্দেশ দিতে পারে না যে ভারতকে কোনও প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়া হবে না। আমরা আমাদের অংশীদারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি সবসময় রক্ষা করি। বিশেষ করে ভারতের মতো বন্ধু দেশের ক্ষেত্রে।’

সু-৫৭ যুদ্ধবিমান নিয়ে কথা বলতে গিয়ে রুশ প্রেসিডেন্ট জানান, একসময় ভারতকে সঙ্গে নিয়ে এই প্রকল্পে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে রাশিয়া নিজস্ব উদ্যোগে বিমানটি তৈরি করে।

পুতিনের দাবি, সু-৫৭ বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক এবং উন্নত যুদ্ধবিমান। তিনি জানান, রাশিয়া ভারতের কাছে এই যুদ্ধবিমান বিক্রি করতে প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পুতিনের এই মন্তব্য ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কের গুরুত্বকে যেন আরও একবার সামনে নিয়ে এল।