• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

শিলিগুড়ি পুরনিগমে নতুন দায়িত্বে সঞ্জয় পাঠক, ক্রীড়া ও ট্রেড লাইসেন্স বিভাগের দায়িত্ব গ্রহণ

মঙ্গলবার পুরনিগমের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তিনি শপথ নেন

শিলিগুড়ি পুরনিগমে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে ক্রীড়া, ‘হাউজিং ফর অল’ এবং ট্রেড লাইসেন্স বিভাগের নতুন মেয়র পারিষদ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় পাঠক। মঙ্গলবার পুরনিগমের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তিনি শপথ নেন।

অনুষ্ঠানে পৌর কমিশনার, অন্যান্য মেয়র পারিষদ এবং পুরনিগমের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর মেয়র গৌতম দেব তাঁকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

দায়িত্ব গ্রহণের পর সঞ্জয় পাঠক জানান, দলের নেতৃত্ব ও মেয়র তাঁর উপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। নতুন মেয়র পারিষদ হিসেবে তিনি শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

পাশাপাশি ট্রেড লাইসেন্স সংক্রান্ত পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান। কেন্দ্র ও রাজ্যের আবাসন প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, সেদিকেও নজর দেওয়া হবে বলে তাঁর বক্তব্য।

উল্লেখ্য, গত ১১ মে এই বিভাগগুলির দায়িত্ব থেকে দিলীপ বর্মনকে সরানো হয়েছিল। এরপর থেকে বিভাগগুলির কার্যক্রম নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে প্রশাসনিক মহলের একাংশের মত। সঞ্জয় পাঠকের দায়িত্ব গ্রহণের ফলে সেই পরিস্থিতির অবসান ঘটবে এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলির কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।