একের পর এক তৃণমূল কাউন্সিলরা পদত্যাগ করছেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই শুরু হয়েছে পদত্যাগ করার হিড়িক। এবার পদত্যাগ করলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ(নিকাশি) তারক সিং। রাজ্যের ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলি এখনও তৃণমূলের দখলে।
কিন্তু সেখানে ভাঙন শুরু হয়ে গিয়েছে। কিছু দিন আগেই পদত্যাগ করেছিলেন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অরূপ চক্রবর্তী। এছাড়াও পদত্যাগ করেছিলেন বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং দেবলীনা বিশ্বাস। এ বার ইস্তফা দিলেন মেয়র পারিষদ তারক সিং। মঙ্গলবার পুরসভা থেকে ইস্তফা দিয়ে এলেন তিনি।
কিছু দিন আগেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। দলের ভূমিকা এবং কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। কর্মীদের কঠিন সময়ে তাঁরা পাশে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তারক সিংও কি সুশান্তদের পথে হাঁটতে চলেছেন? অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
উল্লেখ্য নয়ের দশক থেকে মমতা সঙ্গে ছিলেন তিনি। ১৯৯৫ সালে ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। পরে তৃণমূল কংগ্রেস গঠনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২০২১ সালে ১১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হন তিনি। এই ওয়ার্ড থেকে ২০১৫ এবং ২০২১ সালে জেতেন তারক সিং। পরে মেয়র পারিষদ হন তিনি।




