আইপিএল ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে গুজরাট টাইটানসের। শিরোপা জয়ের এত কাছে পৌঁছেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাদের। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৫ উইকেটে হেরে হতাশায় ডুবে ছিল গোটা দল। কিন্তু ম্যাচের হতাশা কাটিয়ে ওঠার আগেই আরও এক বড় বিপদের মুখে পড়তে হল গুজরাট শিবিরকে। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথে আগুন লেগে যায় দলের টিম বাসে। সৌভাগ্যবশত কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ আহত হননি।
জানা গিয়েছে, রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল শেষ হওয়ার পর গুজরাট টাইটানসের খেলোয়াড়রা টিম বাসে করে হোটেলের উদ্দেশে রওনা দেন। স্টেডিয়াম থেকে কিছুটা দূরে যাওয়ার পর আচমকাই বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাসে আগুন লেগে যাওয়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন চালক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
Advertisement
চালকের উপস্থিত বুদ্ধি এবং তৎপরতার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। বাস থামিয়ে দ্রুত সব খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপদে নামিয়ে আনা হয়। পরে দমকল এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা রাস্তার ধারে অপেক্ষা করতে হয় গুজরাট টাইটানসের সদস্যদের। পরে বিকল্প যানবাহনের ব্যবস্থা করে তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়।
Advertisement
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসে আগুন লাগার সময় যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হত, তাহলে বড় ধরনের বিপদ ঘটতে পারত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমনিতেই ফাইনালে পৌঁছতে গুজরাট টাইটানসকে বেশ কঠিন সূচির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২৯ মে কোয়ালিফায়ার-২ ম্যাচ খেলতে ধর্মশালা থেকে মুল্লানপুরে যেতে হয়েছিল দলকে। সেই ম্যাচে জয় পাওয়ার পর ৩০ মে আহমেদাবাদে পৌঁছনোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সফরে সমস্যা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি দল। শেষ পর্যন্ত শনিবার বিকেলে আহমেদাবাদে এসে পৌঁছয় তারা। এর ফলে ফাইনালের আগে পর্যাপ্ত অনুশীলনের সুযোগও পায়নি গুজরাট।
তবে শুধুমাত্র ক্লান্তি বা ভ্রমণজনিত সমস্যাকেই পরাজয়ের কারণ হিসেবে মানতে নারাজ গুজরাট টাইটানসের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি। তাঁর মতে, দলের কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে অনেক ভালো ক্রিকেট খেলেছে। সেই কারণেই তারা যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে বলে মন্তব্য করেছেন তিনি। ম্যাচের হতাশা, তার পর বাসে আগুন—এক রাতেই যেন একাধিক ধাক্কার মুখে পড়ল গুজরাট টাইটানস।
Advertisement



