নানা দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পূর্ব বর্ধমান জেলার দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক। তার মধ্যে একজন হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন বিধায়ক খোকন দাস। অন্যজন কালনার তপন চট্টোপাধ্যায়। দু’জনকেই রবিবার সকালে গ্রেপ্তার করা হয়।
খোকন দাস এলাকায় হেভিওয়েট নেতা বলে পরিচিত ছিলেন। পালা বদল হতেই তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। এদিন খোকন দাসকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে এবং তপন চট্টোপাধ্যায়কে তাঁর কালনার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি ত্রাণ চুরির অভিযোগ রয়েছে।
Advertisement
গত কয়েকদিন ধরেই বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের গ্রেপ্তারি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। বর্ধমান শহর ছেড়ে গা ঢাকা দিয়ে আছেন বলে জানা যায়। হেভিওয়েট এই তৃণমূল বিধায়ক খোকন দাসকে রবিবার সকালে উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার করা হয়। বর্ধমান থানার পুলিশের একটি দল সেখানে গিয়ে গিয়ে গ্রেপ্তার করে। ভোটে পালাবদলের পর তাঁর উপর নজরদারি চালানো হচ্ছিল বলে দাবি পুলিশের।
Advertisement
খোকন দাসের বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা, মারধরের অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে অন্যের জমি হাতিয়ে নেওয়া, আর্থিক দুর্নীতি, হিসাব বর্হিভূত সম্পত্তি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে। সূত্রের খবর তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার সম্পত্তি একজোট করা, তোলাবাজি, শহর জুড়ে একের পর এক বেআইনি বহুতল গড়ে তোলার ছাড়পত্র পাইয়ে দেওয়া, বেনামে সম্পত্তির মালিক হওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে।
একজন সামান্য ভ্যান চালকের গত পাঁচ বছরে কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাকে ট্রানজিট রিমান্ডে বর্ধমানে আনা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে রবিবারই কালনার প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন। সাতসকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে সরকারি ত্রান সামগ্রী মজুত করে রাখা ছিল। বান্ডিল বান্ডিল ত্রিপল থেকে শুরু করে অনান্য আরও সামগ্রী পাওয়া যায়। তাঁর বাড়িতে কেন ত্রাণ সামগ্রী মজুত ছিল, কোন সদুত্তর মেলেনি। এরপর পুলিশ প্রথমে তাঁকে আটক, পরে তাকে গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে এদিনই গ্রেপ্তার হন কাটোয়ার তৃণমূল নেতা দিগন্ত পাল। তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ওই সূত্রে কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে। পুলিশের ধারাবাহিক অভিযানে রবিবার সকালে গ্রেপ্তার করা হয় পূর্ব বর্ধমানের রায়ানের তৃণমূল দলের অঞ্চল সভাপতি জামাল শেখকে। এদিন কুসুমগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ধমান আনা হয়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
Advertisement



