• facebook
  • twitter
Sunday, 31 May, 2026

ফ্ল্যাট দখল বিতর্কে উত্তেজনা, তৃণমূল নেতা জয়প্রকাশের স্ত্রীকে চড় মারার ভিডিও ভাইরাল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের একটি ফ্ল্যাটে প্রায় ১৪ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন জয়প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যরা

জয়প্রকাশ মজুমদার (File Photo: IANS)

সল্টলেকে দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ উঠল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। ফ্ল্যাট দখল সংক্রান্ত বিবাদ ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। ফ্ল্যাট ছাড়া নিয়ে জয়প্রকাশের স্ত্রীর সঙ্গে বাড়িওয়ালার স্ত্রীর বচসা বাধে।

অভিযোগ, সে সময় আচমকাই বাড়িওয়ার স্ত্রী তৃণমূল নেতার স্ত্রীকে চড় মারেন। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। হাতাহাতি ও চড় মারার ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের একটি ফ্ল্যাটে প্রায় ১৪ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন জয়প্রকাশ ও তাঁর পরিবারের সদস্যরা। বাড়ির মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত কম ভাড়ায় ফ্ল্যাটটি ব্যবহার করছেন জয়প্রকাশ।

Advertisement

বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ফ্ল্যাট ছাড়েননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ফ্ল্যাটটি দখল করে রাখেন বলে অভিযোগ। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরই বাড়ির মালিক ফের তাঁর ফ্ল্যাট খালি করার দাবি জানান। তা নিয়েই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ক্রমশ যা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি সোফায় বসে থাকা জয়প্রকাশের স্ত্রীকে আচমকাই চড় মারেন বাড়িওয়াল স্ত্রী। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন জয়প্রকাশের ছেলে। তবে এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তৃণমূল নেতা। অন্যদিকে বাড়িওয়ালার দাবি, অবিলম্বে জয়প্রকাশকে ফ্ল্যাট খালি করতে হবে।

উল্লেখ্য রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর বেআইনি দখল ও নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। অভিযোগ, বেশিরভাগ জায়গাতেই সাধারণ মানুষের থেকে শুরু করে সরকারি সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন তৃণমূল নেতারা। ইতিমধ্যেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করেছে শুভেন্দুর সরকার।

Advertisement