নিজের সংসদীয় এলাকা নিমতায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে তাঁর সংসদীয় এলাকায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বৃহস্পতিবার নিমতা থানায় ডেপুটেশন দিতে যান সৌগত। ডেপুটেশন দিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়েন সাংসদ।
জানা গিয়েছে, এদিন সৌগত যখন থানা থেকে বেরচ্ছিলেন সে সময়ই তাঁকে দেখে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের এড়াতে তিনি গাড়িতে উঠে পড়লে তাঁর গাড়ি লক্ষ্য করেও বিক্ষোভ চলে। সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় বলে অভিযোগ। নিমতা থানার সামনেই বেশ কিছুক্ষণ এই বিক্ষোভ চলে। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে সাংসদ ঘটনাস্থল ছাড়েন।
Advertisement
তৃণমূল সাংসদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপি কর্মী-সমর্থকরা জড়িত। অন্যদিকে এক স্থানীয় বাসিন্দার দাবি, উনি যে ধরনের দুর্নীতি করেছেন তাতে এই বিক্ষোভ তো খুবই কম। ওঁর গাড়িতে সামান্য ডিম ছোঁড়া হয়েছে মাত্র। পুলিশের উচিত ওঁকে গ্রেপ্তার করা। বিজেপির পাল্টা অভিযোগ, মানুষ তৃণমূল নেতাদের অত্যাচার ও দুর্নীতির ঘটনায় প্রবল ক্ষুব্ধ। নিমতায় এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
Advertisement
Advertisement



