• facebook
  • twitter
Wednesday, 27 May, 2026

অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ

বুধবার অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগপত্র জমা দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি গ্রহণও করা হয়েছে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বুধবার অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগপত্র জমা দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অভিযোগটি গ্রহণও করা হয়েছে।

অভিযোগের সূত্রপাত গত ২ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল থেকে করা একটি পোস্টকে ঘিরে। অভিযোগকারীর দাবি, ওই পোস্টে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা দেশের সামাজিক সম্প্রীতি ও জাতীয় সংহতির জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গুজরাতি সম্প্রদায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যবসা, শিল্প, অর্থনীতি এবং সমাজসেবামূলক কাজে তাদের অবদান রয়েছে। তাই কোনও সম্প্রদায়কে একসঙ্গে কটাক্ষ করা দায়িত্বশীল রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না বলেই মত অভিযোগকারীর। একইসঙ্গে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট পোস্টে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে।

Advertisement

অভিযোগকারী পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Advertisement