বেহালার জলযন্ত্রণা, ভাঙাচোরা রাস্তা ও পুর-পরিষেবার সমস্যা দীর্ঘদিনের। এবার সরাসরি কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের দ্বারস্থ হলেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ এবং বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার। সোমবার পুর কমিশনারের সঙ্গে বৈঠকে এলাকার একাধিক নাগরিক সমস্যা তুলে ধরেন তাঁরা।
বিধায়কদের দাবি, বেহালার পুর পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কমিশনার। বিশেষ করে বর্ষার সময় জল জমার সমস্যা, খারাপ রাস্তা ও নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। দুই বিধায়কের কথায়, সামান্য বৃষ্টিতেই বেহালার বহু এলাকা দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। কোথাও তিন-চার দিন, আবার কোথাও প্রায় এক সপ্তাহ পর্যন্ত জল নামতে চায় না। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। সেই পরিস্থিতি বদলাতেই ওয়ার্ডভিত্তিক সমস্যা নিয়ে কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তাঁরা।
Advertisement
বেহালার বিভিন্ন ‘ওয়াটার পকেট’ এলাকায় দ্রুত নিকাশি সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও দাবি বিজেপি বিধায়কদের। তাঁদের বক্তব্য, শুধুমাত্র রাস্তা মেরামত নয়, স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া দরকার। কেআইআইপি-র বকেয়া কাজ দ্রুত শেষ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তাঁরা।
বিধায়কদের আরও দাবি, আগামী কয়েক বছরের মধ্যে বেহালার বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটবে।
Advertisement
ঝড়-বৃষ্টির পর যাতে মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় বের হতে পারেন, সেই লক্ষ্যেই কাজের রূপরেখা তৈরি হচ্ছে।
তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এলাকার কোনও উল্লেখযোগ্য উন্নয়নের কাজ করেনি। এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের। তাঁদের কথায়, বর্তমান পুরবোর্ড বেহালাবাসীকে উন্নয়ন নয়, বরং সমস্যাই উপহার দিয়েছে। পাশাপাশি দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় অতীতে কেন পর্যাপ্ত উন্নয়ন হয়নি, সেই প্রশ্নও তোলেন তাঁরা।
Advertisement



