• facebook
  • twitter
Sunday, 24 May, 2026

সিসোদিয়াকে সই করালো কেকেআর

কর্নাটকের উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে এবারের আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা । তাঁর পরিবর্তে কর্নাটকের উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে কেকেআর। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ৩০ লক্ষ টাকায় লভনিথকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স আহত মাথিশা পাথিরানার পরিবর্তে লভনিথ সিসোদিয়াকে দলে নিয়েছে। পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মরশুমের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না।” একই সঙ্গে জানানো হয়েছে, সিসোদিয়া এর আগেও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআরের হয়ে স্কোয়াডে ছিলেন।

Advertisement

কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা লভনিথ সিসোদিয়া এখনও পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেখানে তাঁর সংগ্রহ ১২৪ রান। তরুণ এই ক্রিকেটার মূলত আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। উইকেটকিপিংয়ের পাশাপাশি ওপেনিং ব্যাটার হিসেবেও তিনি দলে বাড়তি বিকল্প এনে দিতে পারেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

অন্যদিকে, পাথিরানার জন্য এবারের আইপিএল কার্যত দুঃস্বপ্নে পরিণত হল। নিলামে কেকেআর তাঁকে ১৮ কোটি টাকার বিপুল অঙ্কে দলে নিয়েছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন কাফ মাসলে চোট পান এই ডানহাতি গতিতারকা। সেই কারণে আইপিএলের শুরুর দিকের বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কেকেআরের জার্সিতে মাঠে নামলেও বেশিদিন টিকে থাকা হল না শ্রীলঙ্কার এই পেসারের। প্রত্যাবর্তনের পর নতুন করে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তাঁকে পুরো মরশুম থেকেই ছিটকে যেতে হয়েছে। ফলে কেকেআরের বোলিং বিভাগে বড়সড় ধাক্কা লাগল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে দলের সমর্থকদের আশা, নতুন সদস্য লভনিথ সিসোদিয়া ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারবেন। প্লে-অফের লড়াই যত জমে উঠছে, ততই কেকেআরের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের উপরই এখন বাড়তি ভরসা রাখতে হচ্ছে নাইট শিবিরকে। তবে চলতি মরসুমে কেকেআরের প্লে অফে ওঠা অত্যন্ত জটিল অঙ্কের উপরে নির্ভর করছে। আদৌও শেষ পর্যন্ত তারা প্লে অফে পৌঁছতে পারবে কি না তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন।

Advertisement