• facebook
  • twitter
Saturday, 23 May, 2026

মুর্শিদাবাদে ফের আক্রান্ত পুলিশ

মুর্শিদাবাদের ডোমকলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হল পুলিশকে। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়েও নেওয়া হয় বলে অভিযোগ।

রাজ্যে সরকার বদলালেও পুলিশের উপরে হামলার ঘটনা থামছে না। এবার মুর্শিদাবাদের ডোমকলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হল পুলিশকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়েও নেওয়া হয় বলে অভিযোগ।

সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসের অশান্তির পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছিলেন, পুলিশের গায়ে হাত পড়লে তা বরদাস্ত করা হবে না। সেই মন্তব্যের চার দিনের মধ্যেই ফের পুলিশের হেনস্তার অভিযোগ উঠল রাজ্যে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আজমত মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। শুক্রবার রাতে তাকে ধরতে ডোমকলের কুঁচিয়ামোড়া এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। সে সময় একটি চায়ের দোকানে বসেছিল অভিযুক্ত। পুলিশ তাকে আটক করার পর স্থানীয় কিছু মানুষ বাধা দেয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।

Advertisement

অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হয়। খবর পেয়ে পরে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। যদিও মূল অভিযুক্ত আজমত মণ্ডল এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement