• facebook
  • twitter
  • youtube
Monday, 6 July, 2026

কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাক মমতার

রাজনৈতিক মহলের দাবি, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে বিজেপি এগিয়ে রয়েছে

কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাক মমতার

 বিধানসভা নির্বাচনে ধাক্কার পর এবার কলকাতা পুরসভাতেও চাপে তৃণমূল কংগ্রেস। একসময় দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত কলকাতার ১১টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের দাবি, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে বিজেপি এগিয়ে রয়েছে। এর জেরেই পুর প্রশাসনের অন্দরে অস্থিরতা বাড়ছে। ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরে জল্পনা তীব্র হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙার নোটিস এবং মালা রায়ের ছেলের বিরুদ্ধে অস্ত্র মামলার ঘটনায় তৃণমূলের অস্বস্তি বেড়েছে।
সূত্রের খবর, ফিরহাদ হাকিম নাকি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। এই পরিস্থিতিতে দলীয় কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বিকেল ৪টেয় কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বর্তমানে কলকাতা পুরসভায় তৃণমূলের ১৩৭ জন কাউন্সিলর থাকলেও তাঁদের অনেকেই নিজেদের ওয়ার্ডে বিধানসভা ভোটে পিছিয়ে পড়েছেন। এর মধ্যেই শুক্রবারের পুরসভার নির্ধারিত অধিবেশন বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পুরসভায় সম্ভাব্য ভাঙন রুখতেই সক্রিয় হয়েছে তৃণমূল নেতৃত্ব।