• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেপ্তার মানস ভুঁইয়া ‘ঘনিষ্ঠ’

শুক্রবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ

রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের সামনে এল ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগ। সেই মামলাতেই গ্রেপ্তার করা হল সবং পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক তরুণ মিশ্রকে। বৃহস্পতিবার দুপুরে সবং থানার পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে আটক করে, পরে গ্রেপ্তার দেখায়। ধৃত নেতার বাড়ি ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের খড়াই গ্রামে। শুক্রবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে পবিত্র জানা নামে এক বিজেপি কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তরুণ মিশ্র ছাড়াও ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব শী-সহ আরও কয়েকজনের নাম রয়েছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এলাকায় ব্যাপক সন্ত্রাস চালানো হয়েছিল। স্থানীয়দের দাবি, সেই সময় বহু বিজেপি কর্মী ও সমর্থককে এলাকা ছাড়া হতে হয়েছিল। অনেকেই কাজের সন্ধানে ভিনরাজ্যে চলে যান। অভিযোগ উঠেছিল, বিরোধী কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর, এমনকি খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনাও ঘটেছিল।

Advertisement

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতির দাবি, ‘তরুণ মিশ্রের নেতৃত্বে তৃণমূলের বাহিনী এলাকায় সন্ত্রাস চালিয়েছিল। অন্তত ৪৫টি বাড়ি ভাঙচুর ও লুট করা হয়। শতাধিক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন। তখন পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।’ তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণার পর সাহস পেয়ে অনেকে এখন পুরনো অভিযোগ সামনে আনছেন।

Advertisement

অন্যদিকে, তৃণমূলের সবং ব্লক সভাপতি আবু কালাম বক্স এই গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, ‘২০২১ সালের ঘটনা হলে এতদিন পরে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন গোটা রাজ্যেই তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে।’ ঘটনাকে কেন্দ্র করে সবং জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement