• facebook
  • twitter
Thursday, 21 May, 2026

রাজস্থানে ভয়াবহ তাপপ্রবাহের সতর্কতা, শ্রীগঙ্গানগরে পারদ ৪৬.৫ ডিগ্রি

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে রাজস্থান। শ্রীগঙ্গানগরে তাপমাত্রা পৌঁছল ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, জারি হল সতর্কতা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভয়াবহ গরমে পুড়ছে রাজস্থান। আগামী চার দিন রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শ্রীগঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ঝুনঝুনুর পিলানিতে তাপমাত্রা ছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। ফালোদি এবং বিকানেরে ৪৪.৮ ডিগ্রি, চুরুতে ৪৪.৫ ডিগ্রি, কোটা ও অলওয়ারে ৪৪.২ ডিগ্রি এবং চিত্তৌড়গড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Advertisement

জয়পুর, যোধপুর, বিকানের, ভরতপুর এবং কোটা বিভাগের অধিকাংশ এলাকাই প্রবল তাপপ্রবাহের কবলে রয়েছে। আগামী তিন থেকে চার দিনের জন্য রাজস্থানের অর্ধেকেরও বেশি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Advertisement

প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশাপাশি পশুপাখির সুরক্ষাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জয়পুরে আমের রোডের জোরাওয়ার সিং গেট এলাকায় রাস্তার উপর নিয়মিত জল ছিটিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা চলছে। কোটা শহরের কিছু গোশালাতেও সকাল এবং সন্ধ্যায় জল ছিটিয়ে পশুদের স্বস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে সিরোহি এবং প্রতাপগড় তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে রয়েছে। সিরোহিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি এবং প্রতাপগড়ে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সিরোহিতেই গত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

জয়পুরে বুধবার তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর গরম বজায় ছিল সারাদিন। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।

প্রবল গরমের জেরে দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে। বিশেষ করে শেখাওয়াতি অঞ্চলে গত ছ’দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সিকরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement