পরিবহণ ক্ষেত্র থেকে বেআইনি তোলা তোলার অভিযোগে আসানসোল ব্লক আইএনটিটিইউসি সভাপতির পদে থাকা রাজু আলুওয়ালিয়াকে গ্রেপ্তার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এডিপিসি আইনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত রাজু আহলুওয়ালিয়া।
পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই স্থানীয় পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল থেকে বেআইনি অর্থ আদায়ের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তদন্তের পর রাজু আহলুওয়ালিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজু আহলুওয়ালিয়া। ঘনিষ্ঠ মহলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের কাজ করার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে তাঁকে।
Advertisement
ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে নিশানা করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Advertisement



