পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝে এবার নতুন করে সমালোচনার মুখে পড়ল ইরানের সরকারি সংবাদমাধ্যম। সেখানকার এক সরকারি টেলিভিশনে দেখা গেল বেনজির দৃশ্য। আচমকা নিউজ রুমের মধ্যে একে-৪৭ রাইফেল নিয়ে হাজির হলেন এক সঞ্চালক। এরপর আমিরশাহীর জাতীয় পতাকা লক্ষ্য করে চালালেন এলোপাথাড়ি গুলি। মুহূর্তের মধ্যে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
জানা গিয়েছে, ইরানের সরকারি সংবাদমাধ্যম ‘ওফোগ’ চ্যানেলে সম্প্রচারিত একটি অস্ত্র প্রশিক্ষণমূলক লাইভ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এক উচ্চপদস্থ কমান্ডার। সম্প্রচারের সময় তিনি সঞ্চালককে শেখান কীভাবে একে-৪৭ রাইফেলের বিশেষ মডেল লোড ও ব্যবহার করতে হয়। পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সরকারি উদ্যোগে আয়োজিত বিশেষ বুথে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানানো হয়। যুদ্ধ পরিস্থিতিতে সামরিক প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
Advertisement
তবে বিতর্ক চরমে ওঠে যখন লাইভ সম্প্রচারের মাঝেই সঞ্চালক আচমকা রাইফেল হাতে গুলি চালাতে শুরু করেন। সম্প্রচারে দেখা যায়, স্টুডিওতে রাখা সংযুক্ত আরব আমিরশাহীর জাতীয় পতাকাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হচ্ছে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা। এই ঘটনায় ইরান ও আরব আমিরশাহীর কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হবে বলে মনে করছে কূটনৈতিক মহল।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, এমনিতেই ইরানের সঙ্গে উপসাগরীয় অন্য দেশগুলির সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। তার ওপর সরকারি টেলিভিশনে এ ধরনের সম্প্রচার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
Advertisement



