সমাজমাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ ওরি ওরফে ওরহান আওয়াত্রামানি এবার ছোট পর্দার জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। ‘খতরোঁ কে খিলাড়ি’-র নতুন মরসুমে অংশ নিতে দেখা যাবে তাঁকে। তবে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি কার পরামর্শ নিয়েছিলেন, তা জানিয়ে চমক দিলেন ওরি নিজেই।
এক সাক্ষাৎকারে ওরি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি শুধুমাত্র খুশি কাপুরের সঙ্গেই কথা বলেছিলেন। অভিনেত্রী তাঁকে বলেছিলেন, ‘যাও, মজা করো, অনুষ্ঠানটা করো।’ এরপরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
Advertisement
প্রসঙ্গত, বলিউডে খুশি কাপুর এবং ওরির বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং ভ্রমণে তাঁদের একসঙ্গে দেখা যায়। ফলে খুশির মতামত ওরির কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে বলেই মনে করা হয়।
Advertisement
একই সাক্ষাৎকারে বলিউডের তথাকথিত ‘ক্যানসেল সংস্কৃতি’ নিয়েও মুখ খুলেছেন ওরি। তাঁর স্পষ্ট বক্তব্য, এখন আর এসব তাঁকে ভয় দেখাতে পারে না। বরং নিজের মনের কথা স্পষ্টভাবে বলাই তাঁকে জনপ্রিয় করেছে বলে দাবি তাঁর। ওরির কথায়, ‘আমি যা মনে করি, সেটাই বলে ফেলি। আমি নিজেকে আটকে রাখি না। মানুষ কী ভাববে, সেটা ভেবে নিজের কথা বদলানোর প্রয়োজন দেখি না।’
তিনি আরও বলেন, অনেকেই ভাবেন কোনও মন্তব্য করলে তাঁদের ভাবমূর্তি নষ্ট হতে পারে, কাজ বা বিজ্ঞাপনের সুযোগ কমে যেতে পারে। কিন্তু তিনি সেই ভয় পান না। কারণ, তিনি সিনেমায় কাজ করার জন্য নিজেকে বদলাতে চান না।
ওরির দাবি, নিজের পরিশ্রমেই তিনি পরিচিতি পেয়েছেন। কোনও ক্রিকেট তারকা, টেলিভিশন তারকা বা চলচ্চিত্র তারকা হিসেবে নয়, সম্পূর্ণ নিজের চেষ্টায় সমাজমাধ্যমে জনপ্রিয় হয়েছেন তিনি। তাই তাঁকে ‘বাতিল’ করার ভয়ও তাঁর নেই। তাঁর কথায়, ‘যারা আমাকে সমর্থনই করেনি, তারা আমাকে বাতিল করবে কীভাবে? আমি নিজের পরিশ্রমে এখানে পৌঁছেছি। নিজের খরচ নিজেই চালাই। তাই এসব ভয় পাই না।’
উল্লেখ্য, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘খতরোঁ কে খিলাড়ি’-র ১৫তম সিজন। সেই অনুষ্ঠানে ওরির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
Advertisement



