এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এবং শূন্যে গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার চাকদা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের নাম সুকান্ত রায়। তাঁর বাড়ি চাকদার বিষ্ণুপুরের ইটাপুকুর এলাকায়। বুধবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। ভোটের আগে তিনি নিজের এলাকায় ফিরে আসেন। অভিযোগ, কয়েকদিন আগে এলাকায় ভয় দেখানোর উদ্দেশ্যে শূন্যে গুলি চালায় সুকান্ত। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, সুকান্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপট দেখানোর চেষ্টা করছিল। সেই অভিযোগ সামনে আসতেই তদন্তে নেমেছে চাকদা থানার পুলিশ।
Advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুপুরের হাড়িপুকুর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র-সহ সুকান্ত রায়কে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ। পুলিশ এখন খতিয়ে দেখছে, কোথা থেকে ওই অভিযুক্তের হাতে আগ্নেয়াস্ত্র এল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না। ধৃতের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগাযোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এলাকায় এই ধরনের ঘটনা ফের উদ্বেগ বাড়াচ্ছে। ভোটের আবহ কাটতে না কাটতেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে চাকদার বিষ্ণুপুর এলাকায়।
Advertisement



