• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

তামিলনাড়ুতে সরকার গঠনে মোড়, বিজয়ের পাশে কংগ্রেস

এই পরিস্থিতিতে তাঁকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে চলেছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলার পর তামিলনাড়ুর রাজনীতিতেও বড়সড় পালাবদলের ইঙ্গিত মিলছে। ২৩৪ আসনের বিধানসভায় ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে টিভিকে। তবে ম্যাজিক ফিগার ১১৮-এ না পৌঁছনোয় এককভাবে সরকার গঠন সম্ভব নয় ‘থলাপতি’ বিজয়ের পক্ষে। এই পরিস্থিতিতে তাঁকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে চলেছে।

নির্বাচনের ফল ঘোষণার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফোনে বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। সেই সময়ই তিনি সরকার গঠনে সমর্থনের প্রস্তাব দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে চেয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসই নিক। সেই অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে ভার্চুয়াল বৈঠকের পর টিভিকে-কে শর্তসাপেক্ষ সমর্থনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Advertisement

সূত্রের খবর, ৫টি আসনে জয়ী কংগ্রেস সরকারে অংশীদার হতে আগ্রহী। তারা দু’টি মন্ত্রিত্ব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ দাবি করতে পারে। পাশাপাশি বাম দল সিপিআই, সিপিএম এবং ভিসিকে-ও টিভিকে সরকারকে সমর্থন করতে পারে বলে জল্পনা।

Advertisement

কংগ্রেসের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে দীর্ঘদিনের শরিক ডিএমকে। তারা কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করেছে। উল্লেখ্য, ডিএমকে-কংগ্রেস জোট বহুদিনের— ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত একসঙ্গে থাকার পর কিছু সময়ের বিরতি, পরে ২০১৬ সালে ফের জোট গঠন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনেও এই জোট ব্যাপক সাফল্য পেয়েছিল।

তবে কংগ্রেস সমর্থনের ক্ষেত্রে স্পষ্ট শর্তও দিয়েছে। তারা জানিয়েছে, টিভিকে যেন কোনওভাবেই এনডিএ বা তার শরিকদের সঙ্গে হাত না মেলায়। বিশেষ করে এআইএডিএমকে-র সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement