রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী তাঁদের মুখ্য উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি বুধবার পদত্যাগ করেছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরীও।
দু’জনেই একসময় রাজ্যের মুখ্যসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবসরের পর তাঁদের বিশেষভাবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তনের আবহে তাঁদের এই পদত্যাগ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এছাড়াও, সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকেও ইস্তফা দিয়েছেন প্রাক্তন আমলা মনোজ পন্থ , যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
Advertisement
এর আগে, বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-ও পদত্যাগ করেন এবং তাঁর ইস্তফাপত্র রাজ্যপালের কাছে পাঠান। ফলে একের পর এক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন রাজ্যের প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
Advertisement
উল্লেখ্য, সাধারণত শাসকদলের আস্থাভাজন আমলাদেরই অবসরের পর এমন গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে রাখা হয় এবং তাঁদের কার্যকাল অনেকটাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আলাপন ও হরিকৃষ্ণ—দু’জনেই দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
রাজনৈতিক পালাবদলের পর শুধু সরকারই নয়, প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদলের সূচনা হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
Advertisement



