রাজ্যের ৭৭টি কেন্দ্রে ভোটগণনা ঘিরে সোমবার সকাল থেকেই উৎসাহ ও উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন গণনাকেন্দ্রের আশেপাশে ভিড় জমিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে ভোটগণনার শুরুর মুখেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যা ছায়া ফেলেছে গোটা পরিবেশে।ভাঙড় বিধানসভার ভোটগণনা কেন্দ্র যাদবপুরে। সোমবার সকালে ভাঙড় এলাকা থেকে কয়েকজন আইএসএফ কর্মী ম্যাটাডোরে করে গণনাকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা এক আইএসএফ কর্মীর মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয় মানুষদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আহতদের অবস্থা স্থিতিশীল। এই দুর্ঘটনায় দলীয় কর্মীর অকালমৃত্যুতে আইএসএফ শিবিরে নেমে এসেছে শোকের ছায়া।
Advertisement
অন্যদিকে, এর আগের রাতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কালীডাঙা এলাকায় আরেকটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। রবিবার রাতে তিন যুবক একটি মোটরবাইকে করে যাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারী, রাজু খানকে ধাক্কা মারে, এরপর একটি পাকা দেওয়ালে সজোরে আছড়ে পড়ে। ঘটনায় চারজনই গুরুতর আহত হন।
Advertisement
স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিন যুবক—নূর আলম লস্কর, সাবির আলি নেয়ে এবং কবির আলি নেয়েকে মৃত বলে ঘোষণা করেন। আহত পথচারীর চিকিৎসা চলছে। এই দুই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement



