• facebook
  • twitter
  • youtube
Sunday, 2 August, 2026

‘প্রতিবন্ধী’ সেজে আগে ভোট! দেগঙ্গায় অদ্ভূত কাণ্ডে চাঞ্চল্য

তাঁকে ‘প্রতিবন্ধী’ মনে করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা মানবিক কারণে তাঁকে আগে যেতে দেন। কর্তব্যরত কর্মীরাও তাঁকে দ্রুত ভোট দেওয়ার সুযোগ করে দেন।

‘প্রতিবন্ধী’ সেজে আগে ভোট! দেগঙ্গায় অদ্ভূত কাণ্ডে চাঞ্চল্য

দ্বিতীয় দফার ভোটে দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটল চমকপ্রদ এক ঘটনা, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে। ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইনের মধ্যে ‘বিশেষভাবে সক্ষম’ পরিচয় দিয়ে আগে ভোট দিতে ঢোকার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

হাড়োয়া বিধানসভার ১৫৯ নম্বর বুথে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, সাবান আলি নামে এক ব্যক্তি ধীরে ধীরে কষ্ট করে হাঁটতে হাঁটতে ভোটকেন্দ্রে আসেন। তাঁকে ‘প্রতিবন্ধী’ মনে করে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা মানবিক কারণে তাঁকে আগে যেতে দেন। কর্তব্যরত কর্মীরাও তাঁকে দ্রুত ভোট দেওয়ার সুযোগ করে দেন।

কিন্তু আসল ঘটনা সামনে আসে ভোট দিয়ে বেরোনোর পর। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে ব্যক্তি কিছুক্ষণ আগেও ধীর গতিতে কষ্ট করে হাঁটছিলেন, তিনিই হঠাৎ স্বাভাবিক ভঙ্গিতে দ্রুত হাঁটতে শুরু করলেন। আচমকা এই পরিবর্তন দেখে সন্দেহ তৈরি হয় উপস্থিত মানুষের মধ্যে। প্রশ্ন করা হলে ওই ব্যক্তি বলেন, ‘আমি সত্যিই প্রতিবন্ধী। তবে হাঁটতে খুব একটা সমস্যা নেই। আগে ভোট দেওয়ার জন্যই ওভাবে ঢুকেছিলাম।’ তাঁর এই মন্তব্যে আরও জল্পনা বাড়ে।

ঘটনাকে ঘিরে বুথের বাইরে কানাঘুষো শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভোটের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এই ধরনের ঘটনা স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা ছোট হলেও ভোটব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে। ফলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।