সোমবার বিকেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হয়েছে। এদিন সকালে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিপাহী বিদ্রোহের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত এই অঞ্চলে দাঁড়িয়ে তিনি স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের আবেগে শান দেন। মোদী এদিন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বলেন, ‘বাংলার মেজাজ বলছে, এবার পদ্ম ফুটছেই। অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গে পদ্ম ফোটার পালা। নিশ্চিন্তে থাকুন, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথে আমি আসবই। কথা দিয়ে গেলাম।‘
আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। ১৪২টি আসনে ভোট হবে। এদিন সকালে জগদ্দলের জিলিপি ময়দানের সভা থেকে মোদী আত্মবিশ্বাসী সুরে বলেন, বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। তাঁর কথায়, মানুষের বিপুল সাড়া ও সমর্থন তাঁকে অনুপ্রাণিত করছে, তাই ক্লান্তি নেই। তিনি আরও বলেন, ‘সবার মনোভাব বলে দিচ্ছে, এবার বাংলায় পরিবর্তন হচ্ছেই, বিজেপি সরকার তৈরি হচ্ছেই। এত রোড শো করছি, আমার কাছে এটা তীর্থযাত্রার মতো পবিত্র।‘
Advertisement
ব্যারাকপুর, ভাটপাড়া, নোয়াপাড়া, জগদ্দল ও নৈহাটি-সহ একাধিক এলাকার প্রার্থীরা মোদীর সভায় উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীকে বঙ্কিকচন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে এবং নৈহাটির বড়মার ছবি উপহার দেন, যা তাঁকে আবেগ আপ্লুত করে তোলে।বক্তৃতায় মোদী তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি বিজেপির জয় নিয়ে আশাবাদী। তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চান এবং বিজেপি ক্ষমতায় এলে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ে উন্নয়নের গতি বাড়ানো হবে।
Advertisement
তিনি বললেন, ‘বাংলার মানুষ মুক্তি চায় এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার থেকে। এবার বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। ডবল ইঞ্জিন সরকার হবে। সিএম-পিএম মিলে উন্নয়নের কাজ হবে।‘ পাশাপাশি তিনি পাঁচটি প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন—যুবকদের জন্য নিয়োগপত্র, সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগ, সপ্তম পে কমিশন কার্যকর করা, শিল্পোন্নয়নের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ হাব গড়ে তোলা, গ্রামীণ এলাকায় বছরে ১২৫ দিনের কাজ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
এদিন অডিও বার্তায় বঙ্গবাসীর উদ্দেশে খোলা চিঠি দেন মোদী। চিঠিতে তিনি লিখেছেন, ‘ভয়ে অনেকদিন কেটেছে, এবার আস্থা আসুক। এখানকার যুবশক্তি, নারীশক্তি, আমাদের কৃষক ভাই-বোন হোক, শ্রমিক বা ব্যবসায়ী, সকলেই ‘বিকশিত বাংলা’ গড়ার জন্য সংকল্পবদ্ধ।’ মোদী আরও বলেন, ‘বাংলার সেবা করা আমার কর্তব্য।’
অডিও বার্তায় মোদী বিগত দিনগুলোতে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা উল্লেখ করেন। শুরু থেকে শেষ বাংলা ভাষায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য। পশ্চিমবঙ্গের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ ও সম্ভাবনায় রূপান্তরিত করা আমার সৌভাগ্য ও দায়িত্ব বলে মনে করি। এই দায়িত্ব থেকে আমি কখনই সরে আসব না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহ উদযাপন করব।’
Advertisement



