• facebook
  • twitter
Monday, 27 April, 2026

গরমে পুড়ছে দেশের দশ শহর, তাপমাত্রা ছাড়িয়ে ৪০ ডিগ্রি

পাঞ্জাব থেকে ওড়িশা পুড়ছে, মহারাষ্ট্রের তিন শহর তাপমাত্রায় শীর্ষে

দেশজুড়ে তীব্র গরমের দাপটে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। গত কয়েক দিনে ভারতের বহু শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে, কোথাও কোথাও তা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। উত্তর, পূর্ব, পশ্চিম ও মধ্য—প্রায় সব অঞ্চলেই একই চিত্র, দাবদাহ এবং অস্বস্তিকর গরমে পুড়ছে দেশ।

মৌসম ভাবনের পূর্বাভাস অনুযায়ী, দিল্লি-এনসিআর, পাঞ্জাব ও হরিয়ানায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। একই অবস্থা পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও। মহারাষ্ট্র, গুজরাত এবং মধ্যপ্রদেশে পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। অন্যদিকে, ছত্তীসগড় ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে রয়েছে।

Advertisement

অবিশ্বাস্য হলেও সত্যি, হিমালয় সংলগ্ন এলাকাগুলিও এই তীব্র গরম থেকে রেহাই পাচ্ছে না। হিমাচল প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে এবং জম্মু-কাশ্মীরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

রবিবার দেশের সবচেয়ে উষ্ণ শহরগুলির তালিকায় মহারাষ্ট্রের তিন শহর শীর্ষে ছিল। অকোলা ও অমরাবতীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪৫.৬ ডিগ্রিতে। এর পরেই ছিল ওয়ার্ধা (৪৫.৫), পাঞ্জাবের ফরিদকোট (৪৫.২), হরিয়ানার রোহতক (৪৪.৬) এবং ওড়িশার ঝাড়সুগুড়া (৪৪.৬)। গুজরাতের সুরেন্দ্রনগর ও আহমেদাবাদ, মহারাষ্ট্রের নাগপুর (৪৪.২) এবং মধ্যপ্রদেশের ইন্দোরেও (৪২.২) তাপমাত্রা ছিল অত্যন্ত বেশি।

আবহবিদদের মতে, বর্তমানে বিশ্বের উষ্ণতম শহরগুলির অনেকগুলিই ভারতে অবস্থিত। যদিও ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কিছু এলাকায় সাময়িকভাবে ঝড়বৃষ্টি হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।বিশেষ করে উত্তর, মধ্য এবং পূর্ব ভারতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।  দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হচ্ছে বা গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে।

 

 

 

 

Advertisement