আগামী ২৮ এপ্রিল গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তার আগে শনিবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে মিগুয়েল ফিগুয়েরার শাস্তি প্রসঙ্গ উঠতেই লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর বক্তব্য ছিল, বেঙ্গালুরু ম্যাচে প্রায় ৭০ মিনিটের বেশি সময় দশ জনে খেলায় তারা এমনিতেই যথেষ্ট শাস্তি পেয়েছেন। তাই, ফেডারেশনের উচিত মিগুয়েলের লালকার্ড প্রত্যাহার করা। লাল-হলুদ কোচ বলেন, এবার এমনিতেই তেরো ম্যাচের লিগ।
তাই যদি মিগুয়েল যদি দুই বা তিন ম্যাচের জন্য নির্বাসিত হন তা অন্যায্য হবে বলেই জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে অস্কার আশা প্রকাশ করেছিলেন, ফেডারেশন বিষয়টি নৈতিকভাবে বিবেচনা করবে। আর এই বক্তব্যের ঘন্টাখানেকের মধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হল। সঙ্গে চল্লিশ হাজার টাকার আর্থিক জরিমানাও করা হয়েছে। আসলে, বেঙ্গালুরু ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়ার সময় মাথা গরম করে আচমকাই প্রতিপক্ষ রিজার্ভ বেঞ্চের উদ্দেশে বল মেরে বসেন মিগুয়েল। যার ফলে, এই শাস্তি পেতে হল তাঁকে।
Advertisement
এদিকে এই নির্বাসনের ফলে, আগামী ওড়িশা এবং মুম্বাই সিটি এফসির বিপক্ষে ম্যাচে তাঁকে পাবে না লাল-হলুদ ব্রিগেড। যা নিঃসন্দেহে চিন্তা বাড়ালো কোচ অস্কার ব্রুজোর। যদিও, এদিনই ফের ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আপিল কমিটিতে মিগুয়েলের শাস্তি কমানোর জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, ওড়িশার বিপক্ষে নামার আগে লাল-হলুদ কোচের চিন্তা বাড়াচ্ছে ডিফেন্ডার আনোয়ার আলির চোট। ম্যাচের দিন দুয়েক আগেও মূল দলের সঙ্গে অনুশীলন করলেন না তিনি। স্বাভাবিকভাবেই ওড়িশা তাঁর খেলা নিয়ে একটা সংশয় তৈরী হয়েছে। তা সত্ত্বেও আনোয়ারের জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন কোচ অস্কার।
Advertisement
তবে, কিছুটা স্বস্তি দিচ্ছে মিডফিল্ডার মহম্মদ রশিদ। শুক্রবারের পর শনিবারও দলের সঙ্গে পুরোদমে প্রস্তুতি সারলেন প্যালেস্তাইনের এই মিডফিল্ডার।
Advertisement



