• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে অপহরণ ও ছিনতাই, যাদবপুরে গ্রেপ্তার ২

ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ করে যাদবপুরে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার। ঘটনাটি নিয়ে সতর্কবার্তা দিল পুলিশ।

ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে অপহরণ ও ছিনতাই, যাদবপুরে গ্রেপ্তার ২

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ, তারপর সেই পরিচয়ের সুযোগ নিয়েই ভয়ঙ্কর ছিনতাইয়ের অভিযোগ উঠল যাদবপুর এলাকায়। এক ব্যক্তিকে মোটরবাইকে তুলে নিয়ে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে যাদবপুর থানার পুলিশ। ধৃতদের নাম আফজল হোসেন ও মহম্মদ আফ্রিদি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই ব্যক্তি অভিযুক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। অভিযোগ, যাদবপুর এলাকা থেকে তাঁকে মোটরবাইকে তুলে সায়েন্স সিটির কাছাকাছি একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

পুলিশের দাবি, ওই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করলে তাঁর গলায় থাকা সোনার হার এবং হাতে থাকা আংটি জোর করে ছিনিয়ে নেয় দুই অভিযুক্ত। আতঙ্কিত অবস্থায় কোনও ভাবে সেখান থেকে পালিয়ে এসে তিনি যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে দ্রুত অভিযুক্তদের হদিশ মেলে এবং গ্রেপ্তার করা হয় আফজল হোসেন ও মহম্মদ আফ্রিদিকে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না। একই কৌশলে অন্য কাউকে টার্গেট করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়েছিল। পুলিশ মনে করছে, এই ধরনের প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।