রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোথাও ইভিএমে ত্রুটি, আবার কোথাও ভোটগ্রহণ শুরু হতে দেরির মতো সমস্যার খবর মিলছে। এই পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা কেন্দ্রে একটি গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ উঠেছে, ওই কেন্দ্রের গোদাপাড়া এলাকার ১৮৬ নম্বর বুথে যে কোনও প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর প্রতীকে। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ওই বুথে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
Advertisement
বড়ঞা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা রজক দাবি করেন, ইভিএমের ৪ নম্বর বোতামে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক রয়েছে। তাঁর কথায়, ভোটাররা অভিযোগ করেছেন যে, তাঁরা অন্য প্রার্থীকে ভোট দিলেও ভিভিপ্যাট স্লিপে বিজেপির প্রতীকই দেখা যাচ্ছে। যদিও ভোট শুরুর আগে মেশিন পরীক্ষা করে সব ঠিকঠাক পাওয়া গিয়েছিল বলে জানান তিনি। তাঁর আশঙ্কা, এর পিছনে কোনও বড় চক্রান্ত থাকতে পারে।
Advertisement
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রের নির্বাচন আধিকারিক, পর্যবেক্ষক এবং প্রযুক্তিবিদরা ঘটনাস্থলে পৌঁছে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করেন। পরে ভোটগ্রহণ আবার স্বাভাবিকভাবে শুরু হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর মতে, পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল প্রার্থী এমন অভিযোগ তুলছেন এবং অশান্তি তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, যে কোনও বোতাম টিপলে বিজেপির পক্ষে ভোট যাওয়ার দাবি সম্পূর্ণ হাস্যকর।
Advertisement



