• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

ভোট দেখতে বিদেশি পর্যবেক্ষক

বৃহস্পতিবার সকালে এমনই একদল বিদেশি পর্যবেক্ষক পৌঁছে যান দার্জিলিঙের এক বুথের বাইরে

রাজ্যে শুরু হয়েছে গণতন্ত্রের অন্যতম বৃহৎ উৎসব—ভোটগ্রহণ। ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। ভারতবর্ষে ভোট শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি এক সামাজিক উৎসবও বটে, যেখানে ধর্ম, জাতি বা ভাষার বিভেদ ভুলে সকলেই অংশগ্রহণ করেন। এই বিশাল গণতান্ত্রিক ব্যবস্থাকে কাছ থেকে দেখতেই এ বার বিদেশ থেকে প্রতিনিধিরা বাংলায় এসেছেন।

উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে এসে তাঁরা শিলিগুড়ি কলেজের ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন-কম-রিসিভিং সেন্টার) পরিদর্শন করেন। এই প্রতিনিধি দলে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া—এই ছয়টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’  সদস্যরাও ছিলেন। সব মিলিয়ে মোট ১৩ জন এই পর্যবেক্ষক দলে অংশ নেন।

Advertisement

ডিসিআরসি সেন্টারে পৌঁছে তাঁরা প্রশাসনিক আধিকারিক ও ভোটকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভোট পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। জেলার নির্বাচনী আধিকারিকরা কীভাবে পুরো প্রক্রিয়া পরিচালিত হয়, তা বিশদে ব্যাখ্যা করেন। বিশেষ করে বিপুল সংখ্যক পুলিশ, প্রশাসনিক কর্মী এবং সরকারি আধিকারিকদের সমন্বিত অংশগ্রহণ দেখে প্রতিনিধিরা যথেষ্ট বিস্মিত হন। যদিও তাঁরা সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

এই প্রসঙ্গে নির্বাচন কমিশন-এর ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং জানান, পশ্চিমবঙ্গ তার উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি বলেন, বিদেশি প্রতিনিধিরা এই বিশাল নির্বাচন প্রক্রিয়া এবং তার সুষ্ঠু ব্যবস্থাপনা প্রত্যক্ষ করতেই এখানে এসেছেন।

তিনি আরও জানান, প্রতিনিধিরা মিডিয়া মনিটরিং সেন্টার ও ওয়েবকাস্টিং মনিটরিং সেন্টার ঘুরে দেখবেন। এ বারের নির্বাচনে প্রতিটি বুথে শতভাগ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, যা তাঁদের কাছে বিশেষ আকর্ষণীয়। পাশাপাশি তাঁরা বিভিন্ন পোলিং স্টেশনেও গিয়ে সরাসরি ভোটদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারতের সুশৃঙ্খল নির্বাচন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা বিদেশি প্রতিনিধিদের যথেষ্ট প্রভাবিত করেছে। এই সফর আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement