ভোটের দিনেই বুথে অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। অভিযোগ, বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জামাল হোসেন এদিন তৃণমূলের এজেন্ট পরিচয়ে বুথের ভিতরে ঢুকে পড়েন।
ঘটনাটি ঘটে ২২৭ নম্বর বুথে, হোসনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। সূত্রের খবর, বুথের ভিতরে তাঁর উপস্থিতি নজরে আসতেই আপত্তি জানান অন্যান্য দলের প্রতিনিধিরা। বিষয়টি জানানো হয় দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে।
Advertisement
অভিযোগ, পরিচয় যাচাইয়ের পর নিয়ম বহির্ভূতভাবে বুথে প্রবেশের বিষয়টি স্পষ্ট হতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা হস্তক্ষেপ করেন এবং তাঁকে বুথ থেকে বের করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি বুথে কড়া নজরদারি রাখা হচ্ছে। ঘটনার পর ওই বুথে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে বলে খবর।
Advertisement



