ভোটের মুখে স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। হুমকি ও ছিনতাই সংক্রান্ত মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ— এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় এই নির্দেশ দেন। তবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ৬ এপ্রিল। অভিযোগ অনুযায়ী, নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরিকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন পবিত্র কর। তিনি তা অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কাছ থেকে ৩,৭০০ টাকা ছিনতাইয়ের কথাও এফআইআরে উল্লেখ রয়েছে। এই ঘটনায় ৭ এপ্রিল নন্দীগ্রাম থানায় পবিত্র কর-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
Advertisement
এরপর ১০ এপ্রিল হাইকোর্টের দ্বারস্থ হন পবিত্র কর। তিনি এফআইআর খারিজের দাবি জানান এবং গ্রেপ্তারি বা কড়া পদক্ষেপের বিরুদ্ধে সুরক্ষার আবেদন করেন। মামলার শুনানিতে আদালত তাঁকে অন্তর্বর্তী স্বস্তি দেয়।
Advertisement
উল্লেখ্য, নন্দীগ্রাম এ বারও রাজ্যের অন্যতম রাজনৈতিকভাবে স্পর্শকাতর কেন্দ্র। এখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সঙ্গে মূল লড়াই শুভেন্দু অধিকারীর। এক সময় শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন পবিত্র। ২০২১ সালে তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেও পরে মতপার্থক্যের জেরে দূরত্ব তৈরি হয়। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন।
Advertisement



