ছত্তিশগড়ের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় একাধিক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর ফের শিল্প নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বেদান্ত সংস্থা।
জানা গিয়েছে, শক্তি জেলার সিংহনাটারাই গ্রামের কারখানায় একটি উচ্চচাপ বয়লারের পাইপ ফেটে গিয়ে এই বিস্ফোরণ ঘটে। প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হঠাৎ বেরিয়ে আসায় মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
Advertisement
শিল্প নিরাপত্তা নিয়ে বেদান্তর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। অতীতে বিভিন্ন প্রকল্পে একাধিক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিশেষ করে করবা এলাকায় একটি চিমনি ধসে পড়ার ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল।
Advertisement
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সংস্থার বিভিন্ন প্রকল্পে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ওঠানামা করলেও তা নিয়ে উদ্বেগ থেকেই গিয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের সংখ্যাও বেড়েছে।
এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের তরফে আলাদা করে বিচারবিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর শিল্প ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কঠোর প্রয়োগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
Advertisement



