সঠিক ভোটার শনাক্ত করতে আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর মতে, লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করা হলে ভুয়ো বা ‘ভূতুড়ে’ ভোট অনেকটাই রোধ করা সম্ভব হবে। সোমবার আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় এই মামলাটি দায়ের করেন এবং প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন।
আদালত মামলাটি শুনতে সম্মত হলেও জানিয়ে দিয়েছে যে, বর্তমানে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া চলছে, সেখানে এই মুহূর্তে নতুন কোনও ব্যবস্থা চালু করা সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে তার মাঝপথে বড় ধরনের পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। তবে ভবিষ্যতে, বিশেষ করে পরবর্তী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।
Advertisement
মামলাকারী নিজেও আদালতকে জানান যে তিনি অবিলম্বে এই ব্যবস্থা চালুর নির্দেশ চাইছেন না। বরং বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকগুলি বিচার করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও আবেদন করেন, যাতে সংশ্লিষ্ট সমস্ত পক্ষের কাছে নোটিস পাঠিয়ে তাদের মতামত চাওয়া হয়।
Advertisement
এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস পাঠিয়েছে। মামলাকারীর যুক্তি, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় ঘুষ, প্রভাব খাটানো, পরিচয় জালিয়াতি এবং একাধিকবার ভোট দেওয়ার মতো অনিয়ম ঘটে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে। তাঁর মতে, বায়োমেট্রিক যাচাই চালু হলে এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সাধারণ ভোটারদের স্বার্থ সুরক্ষিত থাকবে।
Advertisement



