শনিবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ১৫ কিলোমিটারের এক বর্ণাঢ্য রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শোটি অনুষ্ঠিত হয় মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে। রবিবার শিলিগুড়িতে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে, তার আগে নিজের সমাজমাধ্যমে শনিবারের রোড শোয়ের কিছু উল্লেখযোগ্য মুহূর্তের ছবি ভাগ করে নেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর পোস্টে এই বিপুল জনসমাগমকে ‘ভালোবাসা’ হিসেবে বর্ণনা করেছেন। ভিডিওতে দেখা যায়, রাস্তার দু’ধারে ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে অসংখ্য সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থক উচ্ছ্বাসে ভাসছেন। মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রীর কালো রঙের গাড়ি, আর সেখান থেকেই তিনি জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে ফুল ছুঁড়ে দিচ্ছেন, কেউ বা স্লোগান তুলছেন— পুরো পরিবেশটাই যেন উৎসবমুখর।
Advertisement
এই রোড শোয়ের একটি বিশেষ মুহূর্ত ছিল, যখন হঠাৎই গাড়ি থেকে নেমে প্রায় ১০০ মিটার পথ হেঁটে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন মোদী। এরপর আবার গাড়িতে উঠে তিনি যাত্রা অব্যাহত রাখেন। রাতে তিনি মাটিগাড়া এলাকার একটি রিসর্টে অবস্থান করেন।
Advertisement
উল্লেখ্য, প্রথমে শিলিগুড়িতেই এই রোড শো হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পরিকল্পনা বদলানো হয় এবং পরে মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় আয়োজন করা হয়।
রবিবারের পোস্টে শুধু রোড শোয়ের দৃশ্যই নয়, পশ্চিমবঙ্গের জন্য বিজেপির প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, বিজেপি সরকার রাজ্যের স্থানীয় উন্নয়নের নানা সমস্যার সমাধানে কাজ করবে এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
Advertisement



