বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রচারে জোর বাড়িয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই শনিবার এক দিনে তিনটি জনসভা এবং একটি রোড শো করে উত্তরবঙ্গেই রাত কাটালেন প্রধানমন্ত্রী, যা আগে নজিরবিহীন।
শনিবার দিনের শুরুতে পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রথম জনসভা করেন মোদী। এরপর মুর্শিদাবাদের জঙ্গিপুরে দ্বিতীয় সভা এবং দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে তৃতীয় জনসভা করেন তিনি। প্রতিটি সভাতেই বিজেপির পক্ষে রাজ্যে পরিবর্তনের ডাক দেন তিনি। তিনটি সভা শেষ করে তিনি পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিহার মোড় হয়ে গোসাঁইপুর পর্যন্ত গাড়িতে এসে মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় রোড শো করেন।
Advertisement
উল্লেখ্য, এই রোড শোয়ের পরিকল্পনা কয়েক দিন আগেও ছিল না। প্রথমে শিলিগুড়ি শহরে রোড শো করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে হঠাৎ করেই মাটিগাড়ায় রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার জন্য স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনকে দ্রুত প্রস্তুতি নিতে হয়।
Advertisement
এদিন রোড শো চলাকালীন রাস্তায় উপস্থিত মানুষের দিকে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। মাঝপথে তিনি গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটেও জনসংযোগ করেন, যা উপস্থিত মানুষের মধ্যে আলাদা উৎসাহ তৈরি করে। একই সময়ে রাস্তায় দুটি অ্যাম্বুল্যান্স আসায় প্রধানমন্ত্রীর গাড়ির বহর একপাশে সরিয়ে দ্রুত তাদের পথ ছেড়ে দেওয়া হয়। বিষয়টি অনেকের নজর কেড়েছে। দিনের শেষে মাটিগাড়া এলাকার চা-বলয়ের একটি অবকাশকেন্দ্রে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে সেখান থেকেই সরাসরি শিলিগুড়ির সভাস্থলে যাওয়ার কথা তাঁর।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে মোদীর এই ধারাবাহিক কর্মসূচি বিজেপির নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। তবে তৃণমূল শিবিরের দাবি, মানুষের প্রকৃত সমর্থন রাজ্য সরকারের সঙ্গেই রয়েছে। উন্নয়নের ভিত্তিতেই ভোটের ফল নির্ধারিত হবে।
Advertisement



