মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে আজ চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ খেলতে শুত্রুবার কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিল তারা। দলের সঙ্গে এদিন চেন্নাই গেলেন মিডফিল্ডার মহম্মদ রশিদ। এই ম্যাচে নামার আগে ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। তার উপর শেষ ম্যাচে মহমেডানের বিপক্ষে ৭-০ গোলে বিশাল জয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী মিগুয়েল, আনোয়ার আলি’রা। পাশাপাশি, কোচ অস্কার ব্রুজোকে স্বস্তি দিয়ে এই ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। ফলে, এই ম্যাচে কার্যত পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল।
এদিকে, প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসির অবস্থা খুব একটা ভালো নয়। দলে প্রীতম কোটাল, আলবার্তো নগুয়েরোর মতো খেলোয়াড়রা থাকলেও এবারের আইএসএলে সেভাবে নজর কাড়তে ব্যর্থ দক্ষিণী এই দলটি। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় একাদশ স্থানে রয়েছে তারা। তা স্বত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। তাঁর মতে, চেন্নাই অন্যতম শক্তিশালী দল। অতীতে আইএসএল খেতাব জিতেছে। চলতি মরসুমে এখনও নিজেদের চেনা ছন্দ খুঁজে না পেলেও দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাই, ক্লিফোর্ড মিরান্ডার দলকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নন লাল-হলুদ কোচ। একইসঙ্গে আন্তর্জাতিক বিরতির ফলে দল যে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা হতে পেরেছে, সেকথাও জানাতে ভুললেন না তিনি। অস্কার বলেন, গত জুলাই মাস থেকে দল একটানা অনুশীলন করছে। তাই, এই মানসিক বিশ্রামটা দলের প্রয়োন ছিল বলেই মনে করছেন তিনি।
Advertisement
এবারের ছোট লিগে প্রতিদ্বন্দ্বীতা ক্রমেই বাড়ছে। তার উপর শেষ তিন ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্ট পরপর পয়েন্ট নষ্ট করায় বাড়তি সুবিধা পেয়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে প্রতিটা ম্যাচই যে তাঁদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা মেনে নিচ্ছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় শৌভিক চক্রবর্তী। জানাচ্ছেন, প্রতিপক্ষ হিসেবে চেন্নাই ভালো দল। কিন্তু, এই ম্যাচ জিততে তারাও বদ্ধপরিকর। অতীতের ভুলত্রুটি নিয়ে এখন আর বিশেষ ভাবতে চান না তিনি। অভিজ্ঞ এই মিডফিল্ডারের মতে, ভুলত্রুটি খেলার একটা অংশ। সেইসব শুধরে মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল শিবির।
Advertisement
Advertisement



