• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

খাদ্য প্রক্রিয়াকরণে ৯,২০৭ কোটির বিনিয়োগে ৩.২৯ লক্ষ কর্মসংস্থান

ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকেও বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে ছোট উদ্যোগগুলিও বড় বাজারে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে।

দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বড় সাফল্যের ছবি তুলে ধরল কেন্দ্র সরকার। উৎপাদন নির্ভর প্রণোদনা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৯,২০৭ কোটি টাকার বিনিয়োগ এসেছে। তৈরি হয়েছে প্রায় ৩.২৯ লক্ষ কর্মসংস্থান। এই প্রকল্প দেশের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্প ছয় বছরের জন্য কার্যকর করা হয়েছে। এর মূল লক্ষ্য হল খাদ্য পণ্যে মূল্য সংযোজন বাড়ানো, প্রক্রিয়াকরণ ক্ষমতা বৃদ্ধি এবং গ্রামাঞ্চলে কর্মসংস্থান তৈরি করা।

Advertisement

এই প্রকল্পের আওতায় প্রস্তুত খাবার, ফল ও সবজি প্রক্রিয়াকরণ, সামুদ্রিক পণ্য এবং দুগ্ধজাত পণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকেও বিশেষভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে ছোট উদ্যোগগুলিও বড় বাজারে জায়গা করে নেওয়ার সুযোগ পাচ্ছে।

Advertisement

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ১২৮টি সংস্থা অনুমোদন পেয়েছে এবং সারা দেশে ২৭৪টি উৎপাদন ইউনিট গড়ে উঠছে। এর ফলে প্রযুক্তির উন্নয়ন, আধুনিকীকরণ এবং উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের ফলে দেশের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করছে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হচ্ছে। সব মিলিয়ে, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।

Advertisement