• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

বুধবার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক জ্ঞানেশ কুমারের

বুধবার এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং নির্বাচনী পর্যবেক্ষকরা।

মোথাবাড়ির ঘটনায়  সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। কমিশন নিযুক্ত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালকে তিরস্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি ট্রাইব্যুনাল গঠন নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। বুধবার এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং নির্বাচনী পর্যবেক্ষকরা। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও বৈঠকে থাকার কথা সিইও মনোজ আগরওয়ালের।

Advertisement

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হবে। সেদিন ১৫২টি আসনে ভোট হবে। তার আগে ১ এপ্রিল মালদহের কালিয়াচকে পরিস্থিতি হঠাৎই অশান্ত হয়ে ওঠে। এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ। বেলা বাড়তেই পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রাখেন, যাঁদের মধ্যে তিনজন মহিলা বিচারকও ছিলেন। পরে গভীর রাতে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।ঘটনার রেশ গড়িয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয় এনআইএকে। পাশাপাশি আদালতের নির্দেশে ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও শুরু করার কথা বলা হয়েছে। তবে এখনও ট্রাইব্যুনাল পুরোপুরি গঠিত হয়নি। এই পরিস্থিতিতে সোমবার রাতে এসআইআরের তালিকায় বিচারাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করে ফেলেছে কমিশন।

এই পরিস্থিতিতে বুধবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ভোট প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ জেলাপ্রশাসন এবং পর্যবেক্ষকদের কাছ থেকে নিতে পারে কমিশন। সেই সঙ্গে  ট্রাইব্যুনাল গঠন এবং মোথাবাড়ির প্রসঙ্গও এই বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement