• facebook
  • twitter
  • youtube
Tuesday, 28 July, 2026

এসআইআরের কাজে চাপের জেরে আত্মঘাতী বাঁশদ্রোণীর এইআরও

ডায়মন্ড হারবারের সহকারী রিটার্নিং অফিসার  মালবিকা রায় ভট্টাচার্য (৪৮)-এর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উঠেছে কাজের অতিরিক্ত চাপের অভিযোগ

এসআইআরের কাজে চাপের জেরে আত্মঘাতী বাঁশদ্রোণীর এইআরও

প্রতীকী চিত্র

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায় মৃত্যু এইআরও মালবিকা রায় ভট্টাচার্যের। ডায়মন্ড হারবারের সহকারী রিটার্নিং অফিসার  মালবিকা রায় ভট্টাচার্য (৪৮)-এর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে কাজের অতিরিক্ত চাপের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়ার দায়িত্ব সামলাতে গিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি, যা শেষ পর্যন্ত এই চরম পরিণতির দিকে ঠেলে দেয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে মেয়ের সঙ্গে ঘুমোতে যাওয়ার পর গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মালবিকা। বমি শুরু হলে তাঁর স্বামী অমলেশ ভট্টাচার্য জানতে পারেন, তিনি কীটনাশক পান করেছেন। দ্রুত তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা দু’দিন চিকিৎসার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরে এসআইআরের অতিরিক্ত কাজের চাপে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রায়ই চাকরি ছেড়ে দেওয়ার কথাও বলতেন। স্বামীর দাবি, এই অসহনীয় চাপই তাঁকে আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ঘটনার পর বাঁশদ্রোণী থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।