• facebook
  • twitter
Tuesday, 31 March, 2026

৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবেন। ওই দিন সকালে তিনি কলকাতায় ফিরে কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করবেন বলে জানা গিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে নেমেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— জেলায় জেলায় ঘুরে তাঁরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিজেপির বিরুদ্ধেও তাঁদের বক্তব্যে ধার ক্রমশ বাড়ছে।

Advertisement

সর্বশেষ খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৮ এপ্রিল সকালে তিনি কলকাতায় ফিরে মনোনয়ন জমা দেবেন। অন্যদিকে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল শিখ, জৈন-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও করেছে। যদিও সেই বৈঠকগুলিতে মমতা নিজে উপস্থিত থাকবেন না, দলের শীর্ষ নেতৃত্বই সেখানে অংশ নেবেন।

Advertisement

এদিকে নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। স্ক্রুটিনি হবে ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল, স্ক্রুটিনি ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।

Advertisement