• facebook
  • twitter
Friday, 27 March, 2026

মহামেডান স্পোর্টিংকে জরিমানা করল ফেডারেশন

৭-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। আই এস এল-এর ইতিহাসে এর আগে এত বড় ব্যবধানে কখনও জেতেনি ইস্টবেঙ্গল।

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গণে মিনি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ৭-০ গোলে হেরে যাওয়ার পরে মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। সেই সময় গ্যালারি থেকে মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরা মাঠে চেয়ার ছুঁড়েছিলেন। আবার বাজিও ফাটিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা ভারত ফুটবল ফেডারেশন মহামেডান স্পোর্টিং ক্লাবকে আর্থিক জরিমানা করেছে। এই খবর যখন সাদা-কালো শিবিরে এসে পৌঁছয়, তখন অন্যতম কর্মকর্তা কামারউদ্দিন জানিয়েছেন, ফেডারেশন আমাদের দেড় লক্ষ টাকা জরিমানা করেছে। এআইএফএফ-এর তরফে ই-মেল করে এই বিষয়টি জানানো হয়েছে। পাল্টা মেল করেছে মহামেডানও। সেখানে তারা প্রশ্ন তুলেছে, যেহেতু ওই ম্যাচটির আয়োজক ইস্টবেঙ্গল ক্লাব। তাই তারা কেন এই জরিমানা দিতে যাবে?

যদিও মহামেডান কর্তাদের আরও অভিযোগ রয়েছে ফেডারেশনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা নাকি তাঁদের ফোন ধরছেন না। মহামেডান কর্তার দাবি, তাদের সঙ্গে ওড়িশা এফসি ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ হিসাবে সূচিতে থাকলেও এখন ফেডারেশনের তরফ থেকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে ম্যাচটি কলকাতায় খেলার। এই বিষয়ে মহামেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন বলেন, ‘প্রথমত, যে ম্যাচের জন্য আমাদের জরিমানা করা হয়েছে সেই ম্যাচের আয়োজক আমরা ছিলাম না। তাহলে কেন আমরা জরিমানা দেব?’

Advertisement

মহামেডান কর্তাদের মতে, ওড়িশা ম্যাচটি আমাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এখন ফেডারেশনের কেউ কেউ আমাদের বলছেন ম্যাচটা কলকাতায় নিয়ে আসতে। আমরা কেন অ্যাওয়ে ম্যাচকে কলকাতায় আনব? তার উপর সংশ্লিষ্ট দপ্তরের কর্তারাও ফোন ধরছেন না। আমরা জরিমানা সংক্রান্ত বিষয়ে একটি পালটা ই-মেল পাঠিয়ে দিয়েছি ফেডারেশনকে।’

Advertisement

উল্লেখ্য, গত সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মহামেডান। ৭-০ গোলে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। আই এস এল-এর ইতিহাসে এর আগে এত বড় ব্যবধানে কখনও জেতেনি ইস্টবেঙ্গল।

অন্যদিকে, মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দলের অবস্থা শোচনীয়। লিগে সব ম্যাচ হেরে টেবিলের তলানিতে। কপালে কোনও পয়েন্ট জোটেনি। এবার মাঠের বাইরেও শুরু হল দুর্দশা। ফেডারেশনের শাস্তির খাঁড়া নেমে এসেছে মহামেডানের উপর।

Advertisement