• facebook
  • twitter
Thursday, 26 March, 2026

তারাতলায় এসফিআই গুদামের পাশে আগুন, আগুন নিয়ন্ত্রণে

মোট ১০টি ইঞ্জিনের চেষ্টায় বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

তারাতলায় বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) একটি গুদামের পাশেই আগুন লাগে বলে জানা গিয়েছে। গুদামের সংলগ্ন একটি গাড়ি পার্কিং এলাকাতেই প্রথম আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। বিকেল ৪টে নাগাদ খবর পৌঁছনোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে আটটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মোট ১০টি ইঞ্জিনের চেষ্টায় বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Advertisement

তবে আগুন সম্পূর্ণ নেভাতে আরও কিছুটা সময় লাগে। দমকলকর্মীরা ঘটনাস্থলে থেকে যান এবং ছড়িয়ে থাকা ছোট ছোট আগুনের অংশগুলিকে নিভানোর কাজ চালিয়ে যান। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

Advertisement

এই অগ্নিকাণ্ডের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।উল্লেখ্য, চলতি বছরেই শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে চিৎপুর এলাকায় একটি ঝুপড়িতে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ফেব্রুয়ারিতে সাদার্ন অ্যাভিনিউর একটি আবাসিক ফ্ল্যাটেও আগুন লাগে, যদিও দ্রুত দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এই ধারাবাহিক ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

 

Advertisement