• facebook
  • twitter
Friday, 15 May, 2026

বিয়ের ভোজে বিষক্রিয়া, অসুস্থ ৮০ জন, আতঙ্কে মধ্যপ্রদেশের গ্রাম, তদন্তে প্রশাসন

মধ্যপ্রদেশের সেহোরে বিয়ের ভোজ খেয়ে ৮০ জন অসুস্থ, খাদ্যে ভেজালের অভিযোগে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আনন্দের বিয়ের অনুষ্ঠান মুহূর্তে পরিণত হল দুঃস্বপ্নে। মধ্যপ্রদেশের সেহোর জেলার একটি গ্রামে বিয়ের ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৮০ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, ইছাওয়ার এলাকার বাবাডিয়া নওবাদ গ্রামে বুধবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান চলছিল। প্রায় ১৫০ থেকে ২০০ জন অতিথি ওই ভোজে অংশ নেন। খাওয়ার কিছুক্ষণ পরই একের পর এক অতিথির শরীর খারাপ হতে শুরু করে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়।
প্রথমে কয়েকজন অসুস্থ হলেও দ্রুত সংখ্যা বাড়তে থাকে। মুহূর্তে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের দ্রুত ইছাওয়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতের মধ্যেই হাসপাতালে ভিড় উপচে পড়ে।

Advertisement

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, মোট ৮০ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে এবং অধিকাংশই এখন স্থিতিশীল। কয়েকজন বৃদ্ধের অবস্থা তুলনামূলকভাবে খারাপ ছিল বলে জানা গিয়েছে, তবে কারও প্রাণসংশয়ের খবর নেই। স্থানীয়দের অভিযোগ, ভোজে পরিবেশিত খাবারের মান খারাপ ছিল। বিশেষ করে মাওয়া দিয়ে তৈরি মিষ্টি খাওয়ার পরেই অসুস্থতা বেড়ে যায় বলে দাবি অনেকের। সেই কারণেই খাদ্যে ভেজাল বা নষ্ট উপকরণের ব্যবহার হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

Advertisement

ঘটনার পর স্বাস্থ্য দপ্তর ও খাদ্য দপ্তরের দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেই খাবার। রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, দ্রুত রিপোর্ট এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

Advertisement