• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

ভোটের মুখে গঙ্গারামপুরে গুলি, জখম তৃণমূল কর্মী

আহতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। তাঁদের দাবি, তৃণমূলেরই গঙ্গারামপুর টাউনের এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এই ঘটনার সঙ্গে জড়িত।

প্রতীকী চিত্র

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। মঙ্গলবার গভীর রাতে গঙ্গারামপুর থানার অদূরে বড়বাজার সংলগ্ন আউট কলোনি এলাকায় শিবা চৌধুরী (২৯) নামে ওই কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাতের দিকে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন শিবা। সেই সময় দুষ্কৃতীরা তাঁর গাড়ির পথ আটকে গুলি চালায়। তবে আহতের পরিবারের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব। তাঁদের দাবি, তৃণমূলেরই গঙ্গারামপুর টাউনের এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী এই ঘটনার সঙ্গে জড়িত।

Advertisement

আহতের ভাই বিপ্লব চৌধুরীর অভিযোগ, রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বিবাদের জেরে হামলার ঘটনা ঘটে। তাঁর কথায়, সামনে থাকা গাড়িকে হর্ন দিলেও জায়গা না দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে থানার সামনে গাড়ি থামতেই শিবাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনায় মোট তিনজন জড়িত বলে অভিযোগ পরিবারের।

Advertisement

ঘটনাকে প্রেক্ষিতে গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী গৌতম দাস জানিয়েছেন, অভিযুক্ত ও আহত দু’জনেই দলের সক্রিয় কর্মী। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে। দলের প্রার্থী সত্যেন রায় দাবি করেছেন, শান্ত গঙ্গারামপুরকে অশান্ত করার চেষ্টা চলছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement