• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের একাধিক এলাকা। বিশেষ করে উত্তর সিকিম বিপর্যস্ত। টানা বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর জেরে বহু পর্যটক রাস্তায় আটকে পড়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক স্থানে ধস নেমেছে। ফলে লাচেনমুখী পর্যটকেরা চুংথাংয়ে আটকে পড়েছেন। সেখানে শতাধিক পর্যটক বর্তমানে অবস্থান করছেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে দ্রুত ধস সরানোর কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আইটিবিপির শিবির এবং স্থানীয় গুরুদ্বারগুলিতে। লাচেন যাওয়ার রাস্তা আপাতত পুরোপুরি বন্ধ রয়েছে এবং বহু গাড়ি পথে দাঁড়িয়ে আছে। তবে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ধীরে ধীরে পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

অন্যদিকে, লাচুং যাওয়ার পথে যে ধস নেমেছিল, তা ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। ওই পথে আটকে থাকা পর্যটকেরা ধীরে ধীরে গ্যাংটকের দিকে ফিরতে শুরু করেছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পর্যটকদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে।

এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে ২৭ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২৮ ও ২৯ মার্চ এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে।

Advertisement