• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

হরিয়ানার গুরুগ্রামে চালু হল এলপিজি এটিএম

সংস্থার সূত্রে খবর ‘এলপিজি এটিএম’, যার মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে

দেশে এলপিজি গ্যাসের চাহিদা ক্রমশ বাড়তে থাকায় গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)। সংস্থার সূত্রে খবর ‘এলপিজি এটিএম’, যার মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। এই পরিষেবা প্রথম চালু হয়েছে গুরুগ্রাম শহরে, হরিয়ানার সোহনা এলাকার সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালির সেক্টর ৩৩-এ পাইলট প্রকল্প হিসেবে।

এই বিশেষ ধরনের এটিএম থেকে ব্যাঙ্কের মতোই দ্রুত পরিষেবা পাওয়া যায়। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই একটি গ্যাসভর্তি সিলিন্ডার সংগ্রহ করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হল, এই এটিএম ২৪ ঘণ্টা খোলা থাকে—ফলে দিন বা রাত, যে কোনও সময় গ্রাহকরা প্রয়োজনমতো সিলিন্ডার নিতে পারবেন। এতে করে বুকিং করার পর দীর্ঘ অপেক্ষার সমস্যাও অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এই ব্যবস্থায় ব্যবহৃত সিলিন্ডারগুলিও প্রচলিত সিলিন্ডারের থেকে আলাদা। সাধারণত ১৪ কেজির বদলে এখানে ১০ কেজি গ্যাস থাকবে। পাশাপাশি, ধাতব সিলিন্ডারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে হালকা ওজনের ফাইবারের সিলিন্ডার, যা বহন করাও অনেক সহজ।

Advertisement

পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল। গ্রাহককে প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। সেই নম্বরে একটি ওটিপি  পাঠানো হবে, যার মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। এরপর গ্রাহককে খালি সিলিন্ডারটি মেশিনে জমা দিতে হবে। অনলাইনে মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গেই মেশিন থেকে একটি ভর্তি সিলিন্ডার বেরিয়ে আসবে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনার কারণে যখন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তখন এই ধরনের উদ্যোগ গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভবিষ্যতে এই পরিষেবা দেশের অন্যান্য শহরেও চালু করা হতে পারে।

 

Advertisement